আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারির কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত ডালিম মোল্লাকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার দাইরাদি এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় ডালিম মোল্লাকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ডালিম মোল্লার (৪৫) দাইরাদি এলাকার নাজির মোল্লার ছেলে।

আদালত জানান, বিকেলে দাইরাদি এলাকায় অভিযান চালিয়ে ডালিম মোল্লাকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে ছয় পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১৮ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায় কার্যকরের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ডালিম মোল্লার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।