এবার ব্যক্তিগত সহকারী হবে গুগল

এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, যিনি ইন্টারনেট ব্যবহার করেছেন অথচ গুগল সার্চ করেনি। তবে এবার সেই অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। সার্চের পাশাপাশি গুগল আই/ও ২০২৬-এ প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন জেমিনি ৩.৫ ফ্লাস প্রযুক্তির মাধ্যমে গুগল সার্চ আরও বুদ্ধিমান ও ইন্টারঅ্যাকটিভ হয়ে উঠবে।

নতুন আপডেটের ফলে সার্চ শুধু তথ্যের তালিকা দেখাবে না, বরং ব্যবহারকারীর প্রশ্নের প্রেক্ষাপট বুঝে স্বাভাবিক ভাষায় উত্তর দিতে পারবে। একই বিষয়ে ধারাবাহিকভাবে প্রশ্ন করলে আগের কথোপকথনের তথ্যও মনে রেখে আরও প্রাসঙ্গিক উত্তর দেবে।

এবার শুধু টেক্সট নয়, ছবি, ভিডিও, পিডিএফ ফাইল কিংবা গুগল ক্রোমে খোলা থাকা ট্যাব ব্যবহার করেও তথ্য খোঁজা যাবে। ফলে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া হবে আরও সহজ ও দ্রুত। সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হচ্ছে এআই সার্চ এজেন্ট। ধরুন, আপনি নতুন বাসা ভাড়া বা কোনো নির্দিষ্ট পণ্যের দাম পর্যবেক্ষণ করছেন। বারবার ওয়েবসাইটে গিয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন হবে না। এআই নিজেই তথ্য পর্যবেক্ষণ করবে এবং নতুন কোনো আপডেট পাওয়া গেলে আপনাকে জানিয়ে দেবে।

এ ছাড়া বিউটি স্যালন, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান বা পোষা প্রাণীর পরিচর্যার মতো বিভিন্ন সেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়েও সহায়তা করবে এই এআই। 

ব্যবহারকারীর অনুমতি থাকলে জি-মেইল, গুগল ক্যালেন্ডার এবং গুগল ফটোসের সঙ্গে সংযুক্ত হয়ে পুরনো ই-মেইল, গুরুত্বপূর্ণ তারিখ, ভ্রমণের তথ্য বা নির্দিষ্ট ছবি মুহূর্তেই খুঁজে বের করতে পারবে নতুন সার্চ ব্যবস্থা। গুগল সার্চ ধীরে ধীরে একটি সাধারণ সার্চ ইঞ্জিন থেকে ব্যক্তিগত এআই সহকারী হিসেবে রূপ নিচ্ছে।