প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন শেহনাজ

বলিউড পাড়ায় বেশ কিছুদিন ধরেই জোর গুঞ্জন চলছে অভিনেত্রী শেহনাজ গিল ও অভিনেতা-কোরিওগ্রাফার রাঘব জুয়ালের প্রেম নিয়ে। গত সপ্তাহে একটি জন্মদিনের পার্টি থেকে বের হওয়ার সময় ভক্তদের ভিড়ের মুখে শেহনাজকে আগলে রাখেন রাঘব। সেই সময় রাঘবের কাঁধে শেহনাজের ভর দিয়ে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তাদের প্রেমের গুঞ্জন নতুন মাত্রা পায়। অবশেষে এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ‘বিগ বস’ খ্যাত এই তারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাঘবের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হলে শেহনাজ সরাসরি ব্যক্তিগত প্রশ্ন এড়িয়ে যান। তবে প্রেমের বিষয়টি অস্বীকার করে রাঘবকে নিজের ‘খুব ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করেন তিনি। ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন ছাপিয়ে শেহনাজ বরং রাঘবের আসন্ন চলচ্চিত্র ‘ভাই তেরা স্টার হ্যায়’ নিয়ে কথা বলেন এবং ভক্তদের সিনেমাটি দেখার আহ্বান জানান।

শেহনাজ বলেন, ‘ও আমার খুব ভালো বন্ধু এবং ওর এই সিনেমাটি সফল হওয়া ভীষণ জরুরি। ও বহিরাগত হিসেবে নিজের যোগ্যতায় ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছে। প্রধান চরিত্র হিসেবে এটি তার প্রথম সিনেমা, তাই সবার উচিত তাকে সমর্থন করা।’ এর আগে ২০২৩ সালে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার প্রচারণার সময় সালমান নিজেই তাদের রসায়ন নিয়ে রসিকতা করায় এই গুঞ্জনের সূত্রপাত হয়েছিল। যদিও পরবর্তী সময় রাঘবও বিষয়টি স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন।