আরিফিন শুভর নায়িকা কেয়া পায়েল

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১২:২৭ এএম

ভারতীয় ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’ ও সবশেষ ঈদে মুক্তি পাওয়া ‘মালিক’ সিনেমার সাফল্যের পর দারুণ সময় পার করছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এর মাঝেই ওটিটি প্ল্যাটফর্ম চরকির আলোচিত প্রজেক্ট ‘মিনিস্ট্রি অব লাভ’-এর নতুন সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। ‘হ্যাপিলি ম্যারিড’ নামের এই চলচ্চিত্রের মাধ্যমে পর্দায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন আরিফিন শুভ ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। এই সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও ‘ছবিয়াল’। সিনেমাটির চমৎকার গল্পের কারণেই এর সঙ্গে সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন নুসরাত ইমরোজ তিশা। পরিচালক জাহিদ প্রীতমের পরিচালনায় বর্তমানে সিনেমাটির শুটিং চলছে বলে জানা গেছে। জাহিদ প্রীতমের এটি দ্বিতীয় সিনেমা, এর আগে চরকিতে তার ‘ঘুমপরী’ সিনেমাটি বেশ সমাদৃত হয়েছিল। এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া ভালোবাসা ও রোমান্টিক ঘরানার সিনেমা ‘উনিশ২০’ দিয়ে চরকির পর্দায় ঝড় তুলেছিলেন আরিফিন শুভ। দীর্ঘ বিরতির পর এই নতুন চলচ্চিত্রের মাধ্যমে ওটিটিতে ফিরছেন তিনি। অন্যদিকে ছোটপর্দায় মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ নাটক দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া কেয়া পায়েলের জন্য এটিই চরকির কোনো কনটেন্টে প্রথম কাজ। অবশ্য ক্যারিয়ারের শুরুর দিকে (২০১৮ সালে) আনিসুর রহমান মিলনের বিপরীতে ‘ইন্দুবালা’ নামের একটি চলচ্চিত্রে নামভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সিনেমার গল্প নিয়ে নির্মাতা জাহিদ প্রীতম জানান, সমকালীন জীবনের নানা জটিলতা, চিরায়ত পারিবারিক মূল্যবোধের সংঘাত এবং আধুনিক জীবনে সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের মনস্তাত্ত্বিক প্রভাবকে এই সিনেমার গল্পে এক সুতোয় গাঁথা হয়েছে। কাছাকাছি সময়ের দুটি ভিন্ন প্রজন্মের মানুষের ব্যক্তিসত্তা ও সম্পর্কের বাস্তবসম্মত প্রতিচ্ছবি মিলবে এখানে। সাধারণত পর্দায় মারকুটে অ্যাকশন কিংবা ‘আলফা মেইল’ চরিত্রে অভ্যস্ত আরিফিন শুভকে এখানে সম্পূর্ণ ভিন্ন চেনা ছকের বাইরে দেখা যাবে। এই সিনেমায় তিনি হাজির হচ্ছেন ‘সিগমা মেইল’ (স্বাধীন, আত্মনির্ভরশীল ও একাকী জীবনযাপন করা) ঘরানার এক মফস্বলের যুবকের চরিত্রে। নিজের চরিত্র আনিস সম্পর্কে শুভ বলেন, ‘এটি একটি নিখাদ রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমা। দর্শকরা সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, এখানে আমাকে সেভাবে দেখা যাবে না। চরিত্রটি মফস্বলের অত্যন্ত দায়িত্বশীল এক যুবকের, যার পুরো পৃথিবী জুড়েই রয়েছে পরিবার, ছোট ভাইবোন ও প্রিয় মানুষেরা।’

অন্যদিকে, কেয়া পায়েল অভিনয় করছেন আধুনিক ও উচ্চবিত্ত শহুরে সংস্কৃতির তরুণী ‘অনামিকা’ চরিত্রে, যার জীবন আবর্তিত হয় সোশ্যাল মিডিয়া ফ্যান্টাসি ও ভার্চুয়াল জগতের রঙিন স্বপ্নকে ঘিরে। নতুন এই রসায়ন নিয়ে কেয়া পায়েল বলেন, ‘সহশিল্পী হিসেবে আরিফিন শুভ ভাই, চরকির সঙ্গে প্রথম কাজ এবং নির্মাতা জাহিদ প্রীতম, সব মিলিয়ে কাজটি নিয়ে আমার দারুণ এক ভালো লাগা কাজ করছে। আমার চরিত্রটির মধ্যে অনেকগুলো লেয়ার আছে, দর্শকরা আমাকে একদম ভিন্নভাবে দেখবেন।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের প্রতিটি কনটেন্টেই সম্পর্কের নানা জটিল ও সূক্ষ্ম দিক তুলে ধরা হয়েছে। ‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমাটিতেও দর্শকরা সম্পর্কের তেমনই এক নতুন সমীকরণ দেখতে পাবেন।’ ১২ জন নির্মাতার ১২টি প্রেমের গল্প নিয়ে তৈরি হওয়া ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের এটি সপ্তম সিনেমা। এর আগে এই প্রজেক্টের অধীনে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’, ‘৩৬-২৪-৩৬’ এবং ‘ডিমলাইট’ চলচ্চিত্রগুলো মুক্তি পেয়ে বেশ প্রশংসা কুড়িয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত