ভালোবাসার গল্প

ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মাঝেই দর্শকপ্রিয়তায় চমক দেখিয়েছে বিশেষ নাটক ‘ভালোবাসার গল্প’। সিএমভি প্রযোজিত প্রায় দেড় ঘণ্টা ব্যাপ্তির এই নাটকটি মুক্তির মাত্র চার দিনেই ৮৫ লাখ ভিউয়ের মাইলফলক পেরিয়ে এখন দ্রুত কোটি ভিউয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

পারিবারিক আবহে দুই বন্ধু এবং তাদের সন্তানদের সুখ-দুঃখ, প্রেম ও সম্পর্কের টানাপড়েন নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। ইমরাউল রাফাত ও অভ্র মাহমুদের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। নির্মাতা জানান, কেবল নায়ক-নায়িকার প্রেম নয়, বরং তাদের চারপাশের চরিত্রগুলোর আবেগ ও বাস্তবতার জটিল সমীকরণ নিখুঁতভাবে ফুটিয়ে তোলার কারণেই নাটকটি দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছে। সিএমভির কর্ণধার এস কে শাহেদ আলী পাপ্পু বলেন, ‘খেলার মৌসুমেও দর্শকরা যেভাবে এই নাটকে ইতিবাচক সাড়া দিচ্ছেন, তা সত্যিই পুরো টিমকে দারুণ অনুপ্রাণিত করেছে।’

নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ ইয়াশ রোশান ও তানজিম সাইয়ারা তটিনী। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, দীপা খন্দকার ও মিলি বাশারের মতো গুণী তারকাদের। নাটকে রবিউল ইসলাম জীবনের কথায় দিলশাদ নাহার কনা ও সজীব দাসের কণ্ঠে ব্যবহৃত ‘তোমার হতে চাই’ শিরোনামের গানটিও দর্শক মহলে বেশ প্রশংসিত হচ্ছে।