দক্ষিণ এশীয় (এসএ) গেমসের গেল আসরে তিনটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। তারই স্বীকৃতিস্বরূপ দক্ষিণ এশীয় কারাতের মতো বড় আন্তর্জাতিক আসর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কারাতে ফেডারেশন। যদিও আয়োজক হিসেবে রীতিমতো বিডিং করতে হয়েছে লাল সবুজের কারাতে কর্তাদের। আজ থেকে ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দশম ক্যাডেট, অনূর্ধ্ব-২১ এবং সিনিয়র সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা। একই সঙ্গে দ্বিতীয় অনূর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।
বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু। এ সময় সভাপতি শাহজাদা আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ছয় দেশের প্রায় ৯০০ কারাতে, রেফারি, কোচ, অফিশিয়াল ও কর্মকর্তাদের পদভারে মুখরিত হবে ব্যস্ত এই শহর। আজ ও আগামীকাল ১৫০ জন রেফারি ও ৩০ জন কোচের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ও পরীক্ষা অনুষ্ঠিত হবে বেইলি রোডের পার্বত্য কমপ্লেক্স অডিটোরিয়ামে। এরপর ১৮ ও ১৯ জুলাই মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ছয় দেশের এই প্রতিযোগিতা। মালদ্বীপ ছাড়া দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, ভুটান, শ্রীলংকা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ পদকের জন্য লড়বে। ক্যাডেট ও সিনিয়র বিভাগে ১৯২ এবং জুনিয়র বিভাগে ৩৮৪টি পদকের লড়াই হবে। সাধারণ সম্পাদক আরও বলেন, ‘দক্ষিণ এশিয়ার ছয় দেশ খেলায় অংশ নিলেও আন্তর্জাতিক কারাতে ফেডারেশনের কোচিং কোর্স এবং রেফারি কোর্স হওয়ায় এশিয়ার আরও অনেক দেশের রেফারিরাও আসবেন প্রশিক্ষণ নিতে।’