নেত্রকোনায় ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু 

নেত্রকোনায় বিশ্বকাপ ফুটবল ম্যাচে আর্জেন্টিনার জয় উপলক্ষে বের হওয়া আনন্দ মিছিলের ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে নেত্রকোনা শহরের শহীদ মিনারের বিপরীত পাশে একটি বাণিজ্যিক ভবনের ছাদে এই দুর্ঘটনা ঘটে।

দীপ্ত চৌধুরী নেত্রকোনা শহরের মালনী এলাকার বাদল চৌধুরীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফুটবল ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা জয়লাভ করলে সমর্থকরা শহরজুড়ে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহীদ মিনার এলাকায় আসলে বিপরীত পাশের সিঙ্গার শোরুমের উপরে দ্বিতীয় তালার ছাদে দাঁড়িয়ে মিছিলের ভিডিও ধারণ করছিলো দীপ্ত চৌধুরী। 

ভিডিও করার একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সাথে শক খেয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও অন্যান্য সমর্থকরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শ্রদ্ধা নন্দ নাথ জানান, মধ্যরাতে কয়েকজন যুবক অজ্ঞাত অবস্থায় একটি রোগী নিয়ে আসে। এই সময় রোগীর নাক ও কান দিয়ে রক্ত ঝরছিলো। পরে আমরা পরীক্ষা নিরীক্ষা শেষে রোগীকে মৃত অবস্থায় পাই। আমরা প্রাথমিকভাবে জানতে পারি ছাদ থেকে পড়েই তার মৃত্যু হয়েছে। পরে পুলিশ এসে তার পরিচয় শনাক্ত করে।

নেত্রকোনা মডেল থানার উপ পরিদর্শক আনিসুর রহমান বলেন, আমরা রাতের ডিউটি কালিন অবস্থায় জানতে পারি খেলা শেষে ভিডিও ধারণ করতে গিয়ে শহরের শহীদ মিনার এলাকায় একজন ছাদ থেকে পড়ে গেছেন। আমরা তাৎক্ষণিক হাসপাতালে এসে ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করি। তার পরিবারের সদস্যরাও হাসপাতালে রয়েছেন। আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।