বিয়ের পাঁচ দিনের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৯:০৭ এএম

নেত্রকোনার পূর্বধলায় বিয়ের মাত্র পাঁচ দিন না যেতেই রিয়া মনি (২২) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) রাতে পূর্বধলা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনা সত্যতা নিশ্চিত করেন। 

বিকালে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ডুপিরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিয়া মনি উপজেলার ডুপিরকান্দা গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে এবং একই গ্রামের ইমরান মিয়ার স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ জুলাই পারিবারিক ভাবে রিয়া মনির বিয়ে হয়। বুধবার সকালে তিনি রান্নাবান্নার কাজ শেষ করে স্বামীর সঙ্গে নিজ কক্ষে ছিলেন। কিছুক্ষণ পর শাশুড়ি সালেমা খাতুন তাকে খুঁজতে গিয়ে ঘরে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানান। একপর্যায়ে রিয়ার বড় ভাসুর হানিফ মিয়া পাশের একটি পরিত্যক্ত ঘরের জানালা দিয়ে দেখেন, হলুদ রঙের একটি ওড়না গলায় পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন তিনি।

পরে পরিবারের সদস্যরা মরদেহ নিচে নামিয়ে আনে। এদিকে খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর স্বাভাবিকভাবেই তাদের সংসার চলছিল। তবে সম্প্রতি স্বামীর পরিবার জানতে পারে বিয়ের আগে রিয়া মনি ঢাকার একটি কারখানায় চাকরি করতেন। এই বিষয়টি নিয়ে শ্বশুরবাড়ির লোকজন তাকে নানা কটু কথা ও প্রশ্নবাণে জর্জরিত করতে শুরু করে। এমনকি বিয়ের ঘটককেও ডেকে এনে কৈফিয়ত চাওয়া হয়।

পূর্বধলা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত