চট্টগ্রামে খেলা দেখার সময় তরুণকে ছুরিকাঘাত

চট্টগ্রাম আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলা দেখার সময় জনসমাগমের মধ্যে এক তরুণকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহত তরুণের নাম মো. আসাদুল হক (২১)। তিনি বাঁশখালীর ছনুয়া এলাকার শিকদার বাড়ির ইয়াছিন আলীর ছেলে। বর্তমানে নগরীর হামজারবাগ এলাকার সরওয়ারের বাড়িতে থাকেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলা চলাকালে জনসমাগমের মধ্যে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত আসাদুল হককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।