উত্তরার অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ মালিকের মৃত্যু

রাজধানীর উত্তরায় রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আনোয়ারুল হক নামের এক মোটর গ্যারেজ মালিক নিহত হয়েছেন। গত বুধবার (১৫ জুরাই) রাতে উত্তরা জসিম উদ্দিন রোডের ইউ-টার্ন মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারুল হকের বয়স হয়েছিল ৫৫ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, পাবনার সুজানগর উপজেলার ঘোরাদহ গ্রামের বাসিন্দা আনোয়ারুল হক বর্তমানে ঢাকার দক্ষিণখান এলাকায় থাকতেন। উত্তরায় তাঁর একটি নিজস্ব মোটর গ্যারেজ রয়েছে। বুধবার রাতে কাজ শেষ করে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি দ্রুতগামী অজ্ঞাত যানবাহন তাঁকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়।

দুর্ঘটনার পর পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক শাহ আলম জানান, ঠিক কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে বিশেষ আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।