বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালু রাখা এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে বুধবার (১৫ জুলাই) বেলা দেড়টার দিকে তারা এই কর্মসূচি শুরু করেন। এর ফলে ওই এলাকার প্রধান সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান অভিযোগ হলো, দেশজুড়ে চলমান দুর্যোগপূর্ণ ও খারাপ আবহাওয়ার মধ্যেও জোরপূর্বক উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো শিক্ষার্থী। এছাড়া গত ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নপত্র ত্রুটিপূর্ণ ছিল বলেও তারা দাবি করেন। এর আগে গতকাল মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবির মধ্যে রয়েছে চলমান দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে যারা ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগ।
অবশ্য সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রসহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কেবল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের অন্য সব বোর্ডের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুসারেই চলবে।