নেত্রকোনায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

নেত্রকোনার-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার ইসবপুর এলাকার পালেরঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, ময়মনসিংহগামী একটি ট্রাক ও নেত্রকোনাগামী একটি ট্রাক মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে এক ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা আহত অপর ট্রাকের চালক ও সহকারীকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে আটকে থাকা চালককে উদ্ধার করে।

এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।