কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) চেয়ারম্যান উদবাতুল বারী আবুকে সভাপতি এবং কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে গত বছরের ২৫ ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে কুমিল্লা মহানগর বিএনপির তিন সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। ওই কমিটিতে উদবাতুল বারী আবুকে সভাপতি, ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক এবং রাজিউর রহমান রাজীবকে সাংগঠনিক সম্পাদক করা হয়। সম্মেলনের প্রায় দেড় বছর পর ১৫১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো। নবগঠিত এই কমিটিতে ১৬ জন সহ-সভাপতি, ১০ জন যুগ্ম সম্পাদক এবং ৬ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। 

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতারা। নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল কবির বলেন, এটি একটি সময়োপযোগী এবং তারুণ্যনির্ভর কমিটি হয়েছে। এর মাধ্যমে কুমিল্লা মহানগর বিএনপি আরও শক্তিশালী ও গতিশীল হবে।

কমিটির বিষয়ে সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে সক্রিয় ছিলেন, তাদেরই কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে মূল্যায়ন করা হয়েছে। এই কমিটি মহানগরীর সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে। সুন্দর কমিটি দেওয়ায় আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।