কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান গাজী (২৮) চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা এবং ফজলুল হক গাজীর ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত সিডিএম পরিবহনের একটি বাসের যাত্রী ছিলেন। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দেয় ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের আরেকটি বাস। এতে মদিনা পরিবহনের বাসের সামনের অংশ এবং সিডিএম পরিবহনের বাসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় সিডিএম পরিবহনের যাত্রী ইমরান গাজী ঘটনাস্থলেই মারা যান। এ সময় দুই বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত