কিশোরগঞ্জের মিঠামইনে দলীয় বৈঠক শেষে বাড়ি ফেরার পথে জাহেদুল আলম জাহাঙ্গীর নামে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় একজনকে চাপাতিসহ আটক করে স্থানীয় জনতা। পরে আরও দুই সন্দেহভাজনকে আটক করে পুলিশ। উপজেলার বেড়িবাঁধ সংলগ্ন তার নিজ বাড়ির সামনে বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জাহেদুল আলম জাহাঙ্গীর ওই এলাকার বাসিন্দা ও উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত)।
মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. আব্দুল আওয়াল জানান, রাতে দলীয় বৈঠক শেষে মিঠামইন বাজার থেকে ফেরার পথে নিজ বাড়ির সামনে জাহাঙ্গীরের ওপর অতর্কিত হামলা চালায় অজ্ঞাতপরিচয় তিন দুর্বৃত্ত। তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় জাহাঙ্গীরতে রক্ষা করতে গেলে তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করে তারা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। তবে ঘটনাস্থলেই চাপাতিসহ হেলাল নামের একজনকে আটক করা হয়। পরে করিমগঞ্জের বালিখোলা এলাকায় অভিযান চালিয়ে আরও দুই সন্দেহভাজনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীরা উপজেলার বাইরে থেকে এসে এঘটনা ঘটিয়েছে।