চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকায় চুরি যাওয়া ব্যাটারি ফেরত চাওয়ায় মো. সিদ্দিক (৭০) নামে অটোরিকশা গ্যারেজের এক দারোয়ানকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মনসুরাবাদের একটি অটোরিকশার গ্যারেজ থেকে সিদ্দিকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সিদ্দিক মনসুরাবাদ এলাকার বাসিন্দা। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, কয়েকদিন আগে ওই গ্যারেজ থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া ব্যাটারি ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্টদের চাপ দিচ্ছিলেন সিদ্দিক। ধারণা করা হচ্ছে, এর জের ধরে বুধবার রাতে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করে লাশ গ্যারেজে ফেলে রেখে যায়। ময়নাতদন্তের জন্য সিদ্দিকের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।