মায়ের কোল থেকে ছিনিয়ে বাবার আছাড়, ৭ মাসের শিশুর করুণ পরিণতি

রাজধানীর তুরাগে একটি বস্তিতে পারিবারিক কলহের জেরে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে রাফা মনি (কবিতা) নামে ৭ মাস বয়সি এক শিশুকে আছাড় মেরে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই অভিযুক্ত শিশুটির বাবা রিকশাচালক কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল বুধবার সন্ধ্যায় তুরাগ কামারপাড়া ফুলবাড়িয়া বস্তিতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ৩টার দিকে মারা যায়।

পরিবারটির বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে। বর্তমানে পরিবারটি ওই বস্তিতে থাকে। বাবা মায়ের একমাত্র সন্তান ছিল রাফা মনি।

শিশুটির মা লিমা আক্তার জানান, বুধবার সন্ধ্যায় স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় দিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে তার কোল থেকেই সন্তানকে ছিনিয়ে নেয় কবির। এরপর মাটির মধ্যে আছড়ে ফেলে। তখন আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে বুধবার মধ্যরাতে ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে শিশুটি মারা যায়।

স্বজনরা জানান, কবির হোসেন নিয়মিত কাজ করত না। মাঝেমধ্যে নেশাও করত। এসব বিষয় নিয়েই সাংসারিক ঝামেলা চলত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল জানান, খবর পেয়ে বুধবার রাতেই শিশুটির বাবা অটোরিকশা চালক কবির হোসেনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের কারণে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশুটিকে আছাড় মারে তার বাবা। কবির হোসেন মাদকাসক্ত। এই ঘটনায় একটি হত্যা মামলার পর তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।