ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ধরা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর গুলশানে নগর ভবনে ডিএনসিসির অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৫৩১ কোটি ৭২ লাখ টাকা, যা মোট আয়ের প্রায় ৫৬ শতাংশ।

২০২৫-২৬ অর্থবছরের তুলনায় এবার ঢাকা উত্তর সিটির হাতে থাকা অর্থের পরিমাণ (প্রারম্ভিক স্থিতি) কমেছে। গত অর্থবছরে এই স্থিতি ছিল ৮৫০ কোটি টাকা, চলতি প্রস্তাবে তা নেমে এসেছে ৬৬০ কোটি ৪৪ লাখ টাকায়—অর্থাৎ প্রায় ১৯০ কোটি টাকা কম।

প্রস্তাবিত বাজেটের প্রায় ৬৭ শতাংশ, অর্থাৎ ৩ হাজার ১৫ কোটি ৪৯ লাখ টাকা উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে সড়ক ও ট্রাফিক অবকাঠামো উন্নয়নে। এ খাতে বরাদ্দ ১ হাজার ৩৬৬ কোটি ৫০ লাখ টাকা, যা মোট বাজেটের প্রায় ৩০ শতাংশ এবং উন্নয়ন বাজেটের ৪৫ শতাংশেরও বেশি।

বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা খাতে। রাজস্ব ও উন্নয়ন—দুই খাত মিলিয়ে এ বাবদ মোট বরাদ্দ ৫১১ কোটি ৪১ লাখ টাকা, যা মোট বাজেটের প্রায় ১১ শতাংশ। আর মশক নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ ২০৮ কোটি ৮৫ লাখ টাকা, মোট বাজেটের প্রায় সাড়ে ৪ শতাংশ।

এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পারিশ্রমিক বাবদ বরাদ্দ রাখা হয়েছে ২৯৪ কোটি ৩৬ লাখ টাকা।

২০২৬-২৭ অর্থবছরের হোল্ডিং, পরিচ্ছন্নতা, লাইটিং ও স্বাস্থ্য কর খাত থেকে মোট রাজস্ব আয়ের ৪৭ শতাংশ আদায়ের পরিকল্পনা রয়েছে, যা টাকার অঙ্কে ১ হাজার ২১০ কোটি টাকা। এ ছাড়া সম্পত্তি হস্তান্তর কর খাত থেকে ৭৫০ কোটি টাকা, অর্থাৎ প্রায় ৩০ শতাংশ আয়ের প্রাক্কলন করা হয়েছে।

অবশিষ্ট অর্থ ট্রেড লাইসেন্স, সড়ক খনন ফি, বিজ্ঞাপন কর, গরুরহাটসহ অন্যান্য খাত এবং সরকারি ও বৈদেশিক অনুদানের মাধ্যমে সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত