নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আনুষ্ঠানিকভাবে এনএসইউ সাইবার সিকিউরিটি সেন্টার (এনএসইউ সিএসসি) উদ্বোধন করা হয়েছে। দ্য এশিয়া ফাউন্ডেশন-এর এপ্যাক সাইবারসিকিউরিটি ফান্ড-এর আওতায়, প্রটেক্ট.এনজিও এবং গ্লোবাল সাইবার অ্যালায়েন্স এর অংশীদারিত্বে এবং গুগল.অর্গ এর সহায়তায় এনএসইউ প্লাজা এরিয়ায় বৃহস্পতিবার (১৬ জুলাই) এ সেন্টারটি প্রতিষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ উপদেষ্টা রেহান আসিফ আসাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ, দ্য এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ এবং ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন এনএসইউ সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস (এসইপিএস)-এর ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন। এছাড়াও বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে সেন্টারের চলমান প্রকল্প ও কৌশলগত উদ্যোগসমূহ উপস্থাপন করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে সেন্টারের উদ্বোধন করা হয় এবং বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সাইবার নিরাপত্তার ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে অতিথিরা বক্তব্য দেন। পরে অতিথিবৃন্দ সেন্টারটি পরিদর্শন করেন এবং এর গবেষণা সুবিধা, পরিকল্পিত কার্যক্রম ও দীর্ঘমেয়াদি ভিশন সম্পর্কে অবগত হন।
বক্তব্যে অধ্যাপক নেছার ইউ. আহমেদ বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ও আন্তঃবিষয়ক গবেষণার প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরে বলেন, “একাডেমিয়া, শিল্পখাত এবং সরকারের মধ্যে শক্তিশালী সহযোগিতার মাধ্যমে আমরা আগামী প্রজন্মের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তৈরি করতে এবং বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা সক্ষমতা জোরদারে এনএসইউ সাইবার সিকিউরিটি সেন্টার বিশেষ অবদান রাখবে।”
প্রধান অতিথির বক্তব্যে রেহান আসিফ আসাদ সাইবার হুমকি মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, “সংযোগ, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং সাইবার নিরাপত্তা—এই তিনটি বিষয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে থাকতে হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো জাতীয় সাইবার সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতের দক্ষ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, "এনএসইউ সাইবার সিকিউরিটি সেন্টার একাডেমিয়া, শিল্পখাত এবং সরকারকে একত্রিত করে এই সেন্টার উদ্ভাবন, গবেষণা এবং একটি নিরাপদ ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, "সাইবার নিরাপত্তা একটি যৌথ দায়িত্ব, যা বিভিন্ন খাতের মধ্যে দৃঢ় অংশীদারিত্বের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। একটি নিরাপদ ও সহনশীল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় নর্থ সাউথ ইউনিভার্সিটি সেই অঙ্গীকারের দিকে এগিয়ে যাচ্ছে।"
সভাপতির বক্তব্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, "বাংলাদেশের জন্য একটি নিরাপদ ও টেকসই ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণে বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে গবেষণায় নেতৃত্ব প্রদান, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের কাজ করছে এনএসইউ সাইবার সিকিউরিটি সেন্টার।"
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সরকার, একাডেমিয়া, শিল্পখাত, উন্নয়ন সহযোগী সংস্থা এবং গণমাধ্যমের প্রতিনিধিদের অংশগ্রহণে "বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম গড়ে তোলা: একাডেমিয়া-শিল্প-সরকার সহযোগিতা জোরদারকরণ" শীর্ষক একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উদীয়মান সাইবার হুমকি, দক্ষ জনবল তৈরি, সরকারি-বেসরকারি সহযোগিতা, ডিজিটাল আস্থা এবং টেকসই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম শক্তিশালী করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।