বিইউএফটি’তে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে স্মরণসভা

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৭:৩৩ পিএম

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়য়ের মাল্টিপারপাস হলে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে স্মরণসভার আয়োজন করে। অনুষ্ঠানে জুলাই ২০২৪ এর আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং শহীদ সেলিম তালুকদারের আত্মত্যাগের প্রতি বিশেষ সম্মান জানানো হয়। পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ) ও শহীদ সেলিম তালুকদারকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন বিইউএফটি’র উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মায়ের ডাকের প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলী, এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন, সভাপতি, দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশ এবং ব্যবস্থাপনা পরিচালক, নিট এম্পায়ার লিমিটেড; এবং সুমায়েল মো. মাল্লিক, সিনিয়র সহ-সভাপতি, আইটিইটি বাংলাদেশ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (হেড অব অপারেশন), আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ সেলিম তালুকদারের পিতা মো. সুলতান তালুকদার এবং বিইউএফটি’র প্রাক্তন শিক্ষার্থী মাহমুদ ফান্তাসির। পরে জুলাই ২০২৪ এর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ সেলিম তালুকদারের পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং অতিথিদের মাঝে সৌহার্দ্যের প্রতীক হিসেবে গাছের চারা উপহার দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত