হবিগঞ্জে মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত, আহত ২

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দনের ছেলে অন্তর (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী গ্রামের ফুল মিয়ার ছেলে তানভীর এবং একই গ্রামের নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (৩২)।

আহতরা হলেন চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুস শহিদের ছেলে সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) এবং একই উপজেলার থৈগাঁও (ডাকঘর: গোছাপাড়া) গ্রামের আব্দুর জব্বারের ছেলে মো. মিজান মিয়া (২৭)। তারা দুজনই বুরো বাংলাদেশে কর্মরত।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।