চবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাসান মিয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। তাঁর স্থলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষক নিয়োগ সেল) মো. হাছান মিয়াকে নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রকাশিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

​অফিস আদেশে বলা হয়, চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পালন করা এই রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদ থেকে গত ৭ জুলাই, ২০২৬ তারিখে অব্যাহতি চেয়ে আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬ জুলাই, ২০২৬ তারিখ (পূর্বাহ্ণ) থেকে তাঁকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

​একই আদেশে, রেজিস্ট্রার দপ্তরের শিক্ষক নিয়োগ সেলের ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়াকে ১৬ জুলাই, ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ে 'রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)' হিসেবে দায়িত্ব পালন করবেন এবং প্রচলিত নিয়মানুযায়ী দায়িত্বভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

​সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরেই এই অফিস আদেশটি জারি করা হয়েছে। জানতে চাইলে সদ্য বিদায়ী রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘রেজিস্ট্রারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে আমি পুনরায় আমার একাডেমিক জগতে ফিরেছি, এটা আমার জন্য প্রকৃত খুশির খবর। নিজের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে আমি রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেছি। যতটুকু সময় পেয়েছি বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করেছি। আগামীতেও আমি বিশ্ববিদ্যালয়ের কল্যাণে নিজের সকল প্রচেষ্টা অব্যাহত রাখব।’

জানতে চাইলে নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, ‘নতুন দায়িত্ব পেয়েছি, এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। আমি এই দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চাই। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে কাজ করে যাব।’