চরফ্যাশন

বিধবাকে পিটিয়ে আহত করলেন আ. লীগ নেতা

ভোলার চরফ্যাশনে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলকে কেন্দ্র করে এক বিধবা নারীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। হামলায় ওই নারীর বাম হাত ও বুকের একটি হাড় ভেঙে গেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। গুরুতর আহত অবস্থায় তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বুধবার (১৫ জুলাই) উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কালাম মাঝি স্থানীয় ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে রহিমা বেগম সন্তানদের নিয়ে স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে বসবাস করে আসছেন। পরিবারের অভিযোগ, ওই সম্পত্তি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে কালাম মাঝি বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছিলেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, বুধবার সকালে বিক্রির জন্য বাড়ির নারিকেল পাড়তে গেলে কালাম মাঝি তাঁর ছেলে জাকির, জিহাদ ও কয়েকজন সহযোগীকে নিয়ে রহিমা বেগমের ওপর হামলা চালান। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন রহিমা বেগম বলেন ‘স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের জন্য দীর্ঘদিন ধরে আমাকে নানা ধরনের হয়রানি করা হচ্ছে। বুধবার নারিকেল পাড়ার সময় তারা আমার ওপর হামলা চালিয়ে মারধর করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন বলেন, খবর পেয়ে গ্রাম্য পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। পরে খোঁজ নিয়ে মারধরের ঘটনার সত্যতা সম্পর্কে জানতে পেরেছি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কালাম মাঝির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ ভূঁইয়া বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।