বিশ্বকাপের পর ‘আন্ধার’ নিয়ে মাঠে নামবেন রেহান

আগামী ১৯ জুলাই বিশ^কাপ ফুটবলের ফাইনাল শেষেই নতুন মিশন শুরু করছেন এই প্রজন্মের আলোচিত নাট্য অভিনেতা ফররুখ আহমেদ রেহান। নিজের অভিনীত প্রথম সিনেমা ‘আন্ধার’-এর প্রচারণা নিয়ে মাঠে নামবেন টাঙ্গাইলের এই তরুণ। বছরের শেষভাগে মুক্তি পেতে যাওয়া এ সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী।

সুমন, শাকিব ও আদনানের গল্পে নির্মিত এই সিনেমায় ‘হিমেল’ চরিত্রের জন্য রেহানকে বেছে নেন পরিচালক। সিনেমাটির গল্পকার সাকিব চৌধুরী জানান, চরিত্রটির জন্য একজন নতুন ও প্রতিভাবান মুখের প্রয়োজন ছিল, যা রেহানের মাধ্যমে দারুণভাবে পূরণ হয়েছে।

প্রথম সিনেমাতেই রেহান সহশিল্পী হিসেবে পেয়েছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও গাজী রাকায়েতের মতো গুণী তারকাদের। সম্প্রতি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘অভিযান’ ওয়েব ফিল্মে অভিনয় করে প্রশংসিত হওয়া রেহান তার প্রথম চলচ্চিত্র নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। রেহান বলেন, ছবির গল্প ও চরিত্র নিয়ে এখনই সব বলতে না পারলেও রায়হান রাফীর নির্মাণে ‘আন্ধার’ দর্শকের দারুণ পছন্দ হবে।