প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘রকস্টার’। আগামী ২২ জুলাই রাত ১২টা থেকে দেশ-বিদেশের দর্শকরা চরকি অ্যাপ ও ওয়েবসাইটে সিনেমাটি দেখতে পাবেন। অঞ্জন চৌধুরী পিন্টু নিবেদিত এবং সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। ঈদুল আজহার এই সিনেমাটিতে শাকিব খানকে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রামের বাস্তব চরিত্রে দেখা গেছে। ওটিটি মুক্তি প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, প্রেক্ষাগৃহ ও ওটিটির এই সমন্বিত প্রয়াস কনটেন্টকে সর্বোচ্চ সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দেবে।
সিনেমায় গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, তারিক আনাম খান, দিলারা জামান ও পান্থ কানাই। আহমেদ হাসান সানির কথা ও সুরে সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নীরব।