র‌্যাব ৮-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত

র‌্যাব ৮-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. মাসুদুর রহমান মনিরকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ এবং পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয় মো. মাসুদুর রহমান মনির ২০২৪ সালের ১৩ নভেম্বর থেকে কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ওই দিন তার ব্যক্তিগত ও অফিসিয়াল মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি র‌্যাব-৮ এর অধিনায়ক একই দিনে র‌্যাব সদর দপ্তরকে অবহিত করেন। পরে তার অফিস কক্ষ তল্লাশি করে ২০২৪ সালের ১২ নভেম্বর স্বাক্ষরিত ১০ দিনের ছুটির একটি আবেদনপত্র পাওয়া যায়। এ ছাড়া তিনি ডাকযোগে চিকিৎসকের পরামর্শপত্রসহ চার সপ্তাহের মেডিকেল ছুটির আবেদনও পাঠান। তবে বিধি অনুযায়ী আবেদনগুলো গ্রহণযোগ্য না হওয়ায় সেগুলো অনুমোদিত হয়নি।

এ ঘটনায় তদন্ত প্রতিবেদন, অভিযোগের গুরুত্ব ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চাওয়া হলে কমিশনও মো. মাসুদুর রহমান মনিরকে চাকরি থেকে বরখাস্তের পক্ষে মত দেয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী গুরুদ- হিসেবে মো. মাসুদুর রহমান মনিরকে তার পলায়নের তারিখ ১৩ নভেম্বর থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।