স্কুল টয়লেটে জ্ঞান হারাল ছাত্র, দরজা ভেঙে উদ্ধার

রাজধানীর পোস্তগোলা এলাকায় একটি উচ্চবিদ্যালয়ের টয়লেটে দরজা আটকে জ্ঞান হারাল সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিরব বিশ্বাস (১৪)। পরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল করে তাকে উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

আনোয়ার সাত্তার বলেন, বৃহস্পতিবার দুপুর ২টা ২৩ মিনিটের দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানাধীন পোস্তগোলা থেকে নিগার সুলতানা নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন। তিনি জানান, যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী উচ্চবিদ্যালয়ের বাথরুমের দরজা দীর্ঘসময় ভেতর থেকে বন্ধ আছে, একজন ছাত্র ভেতরে আছে কিন্তু অনেকক্ষণ তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না।

৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। সংবাদ পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে অজ্ঞান হয়ে আটকে থাকা সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিরব বিশ্বাসকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জানা যায়, টয়লেটের ভেতর সে অজ্ঞান হয়ে গিয়েছিল।