নিজ বাড়ির সামনেই খুন হলেন বিএনপি নেতা

কিশোরগঞ্জের মিঠামইনে নিজ বাড়ির সামনেই দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীর। অভিযোগ উঠেছে, ঢাকা থেকে ভাড়াটে খুনিরাই এ হত্যাকা- ঘটিয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী। হামলার সময় একজনকে চাপাতিসহ আটক করেন স্থানীয় জনতা। পরে আরও দুই সন্দেহভাজনকে আটক করে পুলিশ।

গত বুধবার রাত ১০টার দিকে মিঠামইন বাজারে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বিএনপি নেতা জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির সামনে মোটরসাইকেল থেকে নামতেই ওত পেতে থাকা তিন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাকে। সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়া তাকে রক্ষা করতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে।

তবে ঘটনাস্থলেই চাপাতিসহ হেলাল নামের একজনকে আটক করা হয়। পরে করিমগঞ্জের বালিখোলা এলাকায় অভিযান চালিয়ে আরও দুই সন্দেহভাজনকে আটক করে পুলিশ। হত্যাকা-ের নেপথ্যের পরিকল্পনাকারী কারা এবং কী উদ্দেশে এ হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।