আর্জেন্টিনার জয়োল্লাস ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

নেত্রকোনায় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ফুটবল ম্যাচে আর্জেন্টিনার জয় উপলক্ষে বের হওয়া আনন্দ মিছিলের ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে নেত্রকোনা শহরের শহীদ মিনারের বিপরীত পাশে একটি বাণিজ্যিক ভবনের ছাদে এই দুর্ঘটনা ঘটে। নিহত দীপ্ত চৌধুরী নেত্রকোনা শহরের মালনী এলাকার বাদল চৌধুরীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফুটবল ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা জয়লাভ করলে সমর্থকরা শহরজুড়ে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহীদ মিনার এলাকায় এলে বিপরীত পাশের সিঙ্গার শোরুমের ওপরে দ্বিতীয় তলার ছাদে দাঁড়িয়ে মিছিলের ভিডিও ধারণ করছিল দীপ্ত চৌধুরী। ভিডিও করার একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে শক খেয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও অন্য সমর্থকরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক আনিসুর রহমান জানান, আমরা রাতের ডিউটির সময় জানতে পারি খেলা শেষে ভিডিও ধারণ করতে গিয়ে শহরের শহীদ মিনার এলাকায় একজন ছাদ থেকে পড়ে গেছেন। আমরা তাৎক্ষণিক হাসপাতালে এসে নিহতের পরিচয় শনাক্ত করি। এবং ইতিমধ্যে তার পরিবারের সদস্যরাও হাসপাতালে রয়েছেন। আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।