স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন

বাস্তবায়নের দ্বারপ্রান্তে ই-হেলথ কার্ড

সারা দেশের স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড এখন বাস্তবায়নের দ্বারপ্রান্ত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কনফারেন্স রুমে এক সেমিনারে এ কথা বলেন তিনি।

ড. এম এ মুহিত বলেন, দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে সাজাতে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করতে ডিজিটাল রোডম্যাপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর বর্তমান সরকার বিশেষ জোর দিচ্ছে। সরকার স্বাস্থ্যব্যবস্থার রিমডেলিং (নতুন রূপদান) নিয়ে কাজ করছে, যার বিস্তারিত রূপরেখা নির্বাচনী ইশতেহার ও বিভিন্ন বক্তব্যে তুলে ধরা হয়েছে। বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং পুরো হেলথ সিস্টেমের ডিজিটাল রোডম্যাপ তৈরির বিষয়টি প্রাধান্য পেয়েছে।

তিনি বলেন, এই পরিকল্পনাগুলো হুট করে নেওয়া হয়নি। গত দেড়-দুই বছর ধরে দেশের ভেতরে ও বাইরে থাকা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটি ‘পার্টিসিপেটরি প্রসেস’ বা অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে এই ইশতেহার তৈরি করা হয়েছে।

প্রযুক্তির দ্রুতগতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, বর্তমানে প্রযুক্তির ক্ষেত্রে যে অগ্রগতি হচ্ছে, তা আগে ৫ বা ১০ বছরে হতো, এখন তা দুই বছরে হচ্ছে। বিগত দুই বছরে এই সময়ে প্রযুক্তির ব্যাপক পরিবর্তন এসেছে। যার প্রতিফলন ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ ডকুমেন্টেশনে রয়েছে।