উত্তরায় বাসচাপায় ২ সাংবাদিক নিহত

রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে দুই সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে জসীম উদদ্ীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে গত বুধবার রাত ৯টার দিকে জসীম উদ্দীন রোডের ইউটার্ন মোড়ে ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু ও সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান। শাকিবুল উত্তরা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এবং রাজু আপ্যায়নবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ বলেন, দুই সাংবাদিক নিহতের ঘটনায় বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলসহ আশপাশে কোনো সিসি ক্যামেরা না থাকায় দুর্ঘটনার সুনির্দিষ্ট ফুটেজ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিআরটি লেনের অন্য কোনো স্থানে সিসি ক্যামেরা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, গতকাল রাতে বড়পর্দায় বিশ্বকাপ ফুটবলের ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা দেখে মোটরসাইকেল করে বাসায় ফিরছিলেন তারা। বিআরটি লেন দিয়ে একই গাড়িতে রবিউল আলম রাজু ও শাকিবুল হাসান বাসায় যাওয়ার পথে পেছন দিক থেকে দ্রুতগামী দূরপাল্লার একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।