বয়স নিয়ে বিজেপির সমালোচনার জবাবে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তার বয়স নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তিনি বিজেপির পতন না দেখে মরবেন না। এনডিটিভি জানিয়েছে, গত বুধবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বক্তব্যে ৭১ বছর বয়সী মমতা বলেন, ‘আমার বয়স নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। মন, শরীর ও মানসিক শক্তিই বয়স নির্ধারণ করে।’ তিনি আরও বলেন, ‘বয়স নিয়ে কাউকে অপমান করার সাহস দেখাবেন না। বিজেপির লোকজন চেয়েছিল আমি হার্ট অ্যাটাকে মারা যাই। কিন্তু আমি বেঁচে থাকব, তোমাদের পতন দেখার জন্য’‘।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেও তা উড়িয়ে দিয়ে মমতা বলেন, দল পুনর্গঠনের সক্ষমতা এখনো তার রয়েছে। তিনি বলেন, যারা যেতে চায়, তারা চলে যাক। যা থাকবে, সেটাই আমার সোনার খনি। ২০০৪ ও ১৯৯৭ সালের মতো ২০২৬ সালেও আমি নতুন করে শুরু করতে পারি। সেই সাহস এখনো আমার আছে। আমি এক-দুই নয়, তিন প্রজন্মের নেতা তৈরি করেছি এবং যারা এখন আমার সঙ্গে আছে, তাদের জন্য আমি ছাতার মতো থাকব। এ সময় তিনি বলেন করব, লড়ব, বাঁচব এর মধ্য দিয়ে রাজনীতি ছাড়ার সম্ভাবনা স্পষ্টভাবে নাকচ করে দেন।