পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ৩০ জুলাই থেকে সংশ্লিষ্ট অনুষদের প্রকাশিত রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে সোমবার (১৪ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ জুলাই সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। এতে নবীন শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব শিক্ষার্থী মাইগ্রেশন শেষে পবিপ্রবিতে ভর্তি নিশ্চিত করেছেন, তাদের ২৮ জুলাই সংশ্লিষ্ট অনুষদে উপস্থিত হয়ে অনলাইনে ভর্তি ও অ্যাটাচমেন্ট সম্পন্নের পর অবশিষ্ট আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। কোনো ফি বকেয়া থাকলে তা পরিশোধ করেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এছাড়া, নতুন শিক্ষার্থীদের হলের সিট খালি থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে। যারা হলে আসন পাবেন না, তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আবাসনের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অ্যাটাচমেন্টপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম এবং হলের সিট বরাদ্দের তালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।