কানাডাজুড়ে ভয়াবহ দাবানলের প্রকোপ অব্যাহত রয়েছে। দেশটিতে বর্তমানে ৮৫৭টি দাবানল সক্রিয় রয়েছে। এসব দাবানল থেকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করেছে। পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে বায়ুমান-সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, মিশিগান অঙ্গরাজ্য এবং মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের বিস্তীর্ণ এলাকায় বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) জানিয়েছে, আপার মিডওয়েস্ট, গ্রেট লেকস অঞ্চল থেকে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতা বহাল রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না গিয়ে ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার নতুন করে আরও ২৩টি দাবানলের সূত্রপাত হয়েছে। ফলে দেশজুড়ে সক্রিয় দাবানলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫৭টিতে।
অন্যদিকে কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেম জানিয়েছে, বর্তমানে সক্রিয় থাকা অধিকাংশ দাবানলই এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে অন্টারিওর পশ্চিমাঞ্চলের বড় বড় দাবানল। এসব আগুন থেকে উৎপন্ন ঘন ধোঁয়ায় থান্ডার বে ও টরন্টোর বায়ুর মানের উল্লেখযোগ্য অবনতি ঘটেছে।
এদিকে অপেক্ষাকৃত হালকা ধোঁয়া বায়ুমণ্ডলের উঁচু স্তর দিয়ে গ্রেট লেকস অতিক্রম করে নিউইয়র্ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে আকাশ ধোঁয়াটে দেখা যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, এই ধোঁয়ার কারণে সূর্যোদয় ও সূর্যাস্ত স্বাভাবিক সময়ের তুলনায় আরও লালচে দেখাতে পারে।