আগস্টে টানা দুই দফায় ৮ দিন ছুটির সুযোগ

আগস্ট মাসে মাত্র দুই দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলেই দুই দফায় মোট আট দিনের দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।  ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত সরকারি ছুটিকে কেন্দ্র করে সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে কর্মদিবসের সমন্বয় করেই এই সুযোগ মিলবে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও ওই দিন নৈমিত্তিক ছুটি নিতে পারলে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ মোট চার দিনের টানা অবকাশ উপভোগ করা যাবে।

একইভাবে মাসের শেষ সপ্তাহেও রয়েছে আরেক দফা দীর্ঘ ছুটির সুযোগ। চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি কাটানো সম্ভব হবে।

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও একইভাবে দুই দফায় এক দিন করে ছুটি নিয়ে চার দিন করে মোট আট দিন অবকাশের সুযোগ নিতে পারবেন।