রাজবাড়ীর গোয়ালন্দ পৌর এলাকায় রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক চালককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে চামেলি পার্ক সংলগ্ন এলাকা থেকে জাহিদ বিশ্বাস (৩৫) নামে ওই রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহিদ বিশ্বাস গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নসরুদ্দিন সরদারপাড়ার বাসিন্দা জামাল বিশ্বাসের ছেলে। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে চামেলি পার্কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা গোয়ালন্দ ঘাট থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রতিদিনের মতো রিকশা নিয়ে জীবিকার সন্ধানে বাড়ি থেকে বের হন জাহিদ। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন তারা। এ সময় তার ব্যবহৃত রিকশাটিও নিখোঁজ ছিল।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি রিকশা ছিনতাইকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে স্থানীয় রিকশাচালক ও এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।