নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম মো. মুহিদ খান (২২) ।

শুক্রবার (১৭ জুলাই) নেত্রকোনা পৌরসভাধীন রাজুরবাজার এলাকার ময়মনসিংহ-মোহনগঞ্জ রেল সড়ক এবং পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 যুবক মুহিদ মোহনগঞ্জের তেতুলিয়া ইউনিয়নের পাইকুড়া গ্রামের মাইনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেতন বলে জানা গেছে।

নেত্রকোনা ফায়ার স্টেশেনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, শুক্রবার সকালে রাজুরবাজার রেললাইনে কাটা পড়ার খবর পেয়ে কালভার্ট এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। রেললাইন ও কালভার্টের ডোবায় তার মরদেহ পড়েছিল। মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই যুবক ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন। হাওর এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনে মোহনগঞ্জ যাওয়ার পথে হয়তো পড়ে গিয়ে কাটা পড়েন তিনি।

এদিকে তেতুলিয়া গ্রামের মুহদের মামা লিলু মড়ল জানান পরিবারের সদস্যরা ট্রেন আসার পর তাকে আর ফোনে পাচ্ছিলেন না। পরে ফায়ার সার্ভিস থেকে খবর পেয়ে এসে তার মরদেহ শনাক্ত করেন তারা।

সাপ্তাহিক ছুটিতে বাড়ি আসছিলো মুহিত। তবে ঢাকা থেকে ট্রেনে ওঠে বাড়ির দিকে আসার বিষয়টি নিশ্চিত করলেও ট্রেন থেকে ছিটকে কাটা পড়ল কিভাবে তা কেউ নিশ্চিত করতে পারেনি।

স্থানীয়রা ধারণা করছেন ট্রেনের দরজায় ছবি তোলা বা দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি পড়ে থাকতে পারেন।