সাবেক মেয়র আতিকের এপিএসের প্রতিষ্ঠানের সাথে প্রতিমন্ত্রীর মতবিনিময়, হবে সমঝোতা স্বাক্ষর  

ঢাকা উত্তর সিটি কার্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের একান্ত সহকারী সচিব ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফরিদ উদ্দিন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বিডি ক্লিনের সাথে ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন বিষয়ে সমঝোতা স্বাক্ষর করবে ঢাকার দুই সিটি কর্পোরেশন। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন-এর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা আয়োজন করা হয়। মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস রিলিজ থেকে এ তথ্য জানা যায়।

ফরিদ উ্দ্দীন ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পরই আমেরিকায় পাড়ি জমিয়েছেন। বর্তমানে সেখান থেকেই নেতৃত্ব দিচ্ছেন এ প্রতিষ্ঠানের। 

অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম  বলেছেন, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক ও টেকসই করতে সংগঠনটির কার্যক্রম ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে দুই সিটি কর্পোরেশন ও বিডি ক্লিনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও  বলেন, দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং বৃক্ষরোপণ কর্মসূচির জন্য চারা সরবরাহ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন-এর বারো সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল। বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক চম্পা আক্তার সংগঠনের কার্যক্রম তুলে ধরেন এবং এসব কার্যক্রম আরও বিস্তৃত করতে তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মোঃ শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক মোস্তফা আকবর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেঃ জেনাঃ সৈয়দ রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোঃ  হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহানে ফেরদৌস বিনতে রহমান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন অনুবিভাগ) পরিমল সরকার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।