মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিককে পাওয়া গেলেই তাকে বহিষ্কার করা হবে। এ কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন ‘আমরা যদি কোনো ইসরায়েলিকে খুঁজে পাই, তাহলে তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করব। কারণ আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিই না।’ মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের একটি বেসরকারি আবাসিক ও প্রযুক্তিভিত্তিক কমিউনিটিতে ইসরায়েলিদের জড়িত থাকার অভিযোগ কর্মকর্তারা তদন্ত করে দেখার মধ্যেই প্রধানমন্ত্রী এ কঠোর কথা বললেন।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা নেটওয়ার্ক স্কুল নামের ডিজিটাল নোমাডদের একটি কমিউনিটির বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘন করে ইসরায়েলিদের স্থান দেওয়ার অভিযোগ তদন্ত করছে।
সামাজিক মাধ্যমে অভিযোগ উঠেছে, দ্বৈত নাগরিকত্ব থাকা কিছু ইসরায়েলি অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় ঢুকে এ প্রকল্পে অংশ নিয়েছে।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, যদি তদন্তে প্রমাণিত হয় যে, ইসরায়েলি নাগরিকরা নেটওয়ার্ক স্কুলে অংশ নিয়েছে, তাহলে দেশ ব্যবস্থা নেবে। তিনি বলেন, ‘অভিযোগ সত্য হলে তাদের অবিলম্বে বিতাড়িত করা হবে।’ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এরই মধ্যে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত করছে বলে জানান আনোয়ার।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বিশেষ অনুমতি ছাড়া ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ।
তবে অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে দ্বৈত নাগরিকদের মালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে দেশটিতে কোনো আইনি বিধিনিষেধ নেই।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, মালয়েশিয়া কর্তৃপক্ষ এরই মধ্যে নেটওয়ার্ক স্কুল প্রকল্পে জড়িত বিদেশি নাগরিকদের পরিচয় যাচাই করা শুরু করেছে।