ভারতে হাইড্রোজেনচালিত ট্রেন

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০১:৪৪ এএম

ভারতে প্রথমবারের মতো হাইড্রোজেন জ¦ালানির ট্রেন চলল। রেল পরিবহন খাতকে কার্বনমুক্ত করা এবং জীবাশ্ম জ¦ালানির ওপর নির্ভরতা কমাতে এই উদ্যোগ নেওয়া হলো। এর মধ্য দিয়ে প্রযুক্তিটির পরীক্ষা ও ব্যবহারের তালিকায় থাকা বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের দলে যুক্ত হলো ভারত। জাপান, জার্মানি, চীন ও যুক্তরাষ্ট্রে হাইড্রোজেন জ¦ালানিচালিত ট্রেন রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পতাকা নেড়ে ট্রেনটি উদ্বোধন করেন বলে গতকাল শুক্রবার এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের জিন্দ ও সোনিপাতের মধ্যে ৮৯ কিলোমিটার দীর্ঘ রুটে ১০ কোচের ট্রেনটি চলাচল করবে। এর চালিকাশক্তি হিসেবে ব্যবহার হচ্ছে ১ হাজার ২০০ কিলোওয়াটের হাইড্রোজেন ফুয়েল সেল প্রোপালশন সিস্টেম। রেল কর্মকর্তাদের মতে, এই ফুয়েল সেল সিস্টেমটি ট্রেনের চালিকাশক্তি, যা ডিজেলচালিত ট্রেনের তুলনায় পরিবেশবান্ধব। এতে হাইড্রোজেন সংরক্ষণ ও জ¦ালানি ভরার সুবিধাও রয়েছে।

ট্রেন উদ্বোধনের আগে এক্স পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘ভারত বিশ্বের সেই অল্প কয়েকটি দেশের তালিকায় যুক্ত হলো, যাদের কাছে এ ধরনের ট্রেন আছে। রেল পরিবহনে ভারতের পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণের যাত্রায় এটি অত্যন্ত সহায়ক হবে।’ পাইলট প্রকল্প হিসেবে এই ট্রেন হাইড্রোজেন প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা ও ভারতে পরিবেশবান্ধব রেলপরিবহনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।

রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, পাইলট প্রকল্পটির পেছনে আনুমানিক ১ কোটি ২০ লাখ ডলার খরচ হয়েছে। প্রচলিত ট্রেন সার্ভিসের তুলনায় এই প্রযুক্তির পরিচালনা ব্যয় অনেকটাই বেশি।

এনডিটিভি লিখেছে, ১০ বগির হাইড্রোজেন জ্বালানিচালিত ট্রেনটিতে ১২০০ কিলোওয়াট ক্ষমতার শক্তি রয়েছে। ট্রেনটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার হলে প্রাথমিকভাবে এটি সর্বোচ্চ ৭৫ কিলোমিটার গতিতে চলবে।

যাত্রী ধারণক্ষমতা প্রায় ২ হাজার ৬০০ জন। নকশা থেকে শুরু করে পরীক্ষামূলক ট্রেনটি তৈরি পর্যন্ত সবকিছু নতুন করে তৈরি করা হয়েছে।

এই প্রযুক্তির প্রথম যাত্রীবাহী ট্রেন ‘অ্যালস্টম কোরাডিয়া আইলিন্ট’ চালু করেছিল জার্মানি। ২০২২ সালে ট্রেনটি পুনরায় জ্বালানি না ভরেই ১ হাজার ১৭৫ কিলোমিটার পথ পাড়ি দেয়। ওই ট্রেন চালুর উদ্দেশ্যই ছিল পরিবেশের জন্য ক্ষতিকর ডিজেল পোড়ানোর বদলে পরিবেশবান্ধব প্রযুক্তি চালু করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত