বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে ও কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে শ্রদ্ধা জানাতে বিশেষ এক আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে বরেণ্য এই শিল্পীর একক সংগীতানুষ্ঠান ও সম্মাননা প্রদান পর্ব।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য, সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে একাডেমি জানায়, এই মানবিক কনসার্টটি উপভোগ করতে দর্শকদের নির্ধারিত মূল্যে টিকিট সংগ্রহ করতে হবে। অনুষ্ঠান থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ বন্যার্তদের সহায়তায় দেওয়া হবে। দীর্ঘ ক্যারিয়ারের জনপ্রিয় ও কালজয়ী গান নিয়ে মঞ্চে হাজির হবেন রুনা লায়লা।