রোমাঞ্চকর মঞ্চে ম্যাডোনা-শাকিরা বিবারসহ বিশ্বখ্যাত তারকারা

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০১:৫৯ এএম

শাকিরার পরিবেশনা নিয়ে দর্শকদের মাঝে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে টুর্নামেন্টের জনপ্রিয় গান ‘দাই দাই’ দিয়ে তিনি ও বার্না বয় ফাইনালের মঞ্চ মাতাবেন। প্রায় ১০০ কোটিরও বেশি মানুষ এই ফাইনাল উপভোগ করবেন। মাঠের রোমাঞ্চ আর মঞ্চের সুর, সব মিলিয়ে এই রাত হতে যাচ্ছে শতাব্দীর অন্যতম সেরা ও স্মরণীয় এক রাত

ফুটবল মানেই অন্যরকম উন্মাদনা। দীর্ঘ এক মাসের লড়াই শেষ। অবশেষে ঘনিয়ে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বমঞ্চ এখন প্রস্তুত নতুন ইতিহাস দেখার জন্য। আগামীকাল রাতে মুখোমুখি হচ্ছে বর্তমান ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বসবে এই ফাইনালের আসর। একদিকে আর্জেন্টিনার নান্দনিক ফুটবল, অন্যদিকে স্পেনের গতিশীল পাসিং গেম। এই দুইয়ের লড়াই দেখতে পুরো বিশ্ব এখন রোমাঞ্চে কাঁপছে। তবে এবারের ফাইনাল শুধু মাঠের লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম যুক্ত হচ্ছে বিশ্বসংগীতের এক অবিশ্বাস্য উৎসব।

আমেরিকান ফুটবলের জনপ্রিয় আসর ‘সুপার বোল’-এর আদলে এবারই প্রথম থাকছে ‘হাফ টাইম শো’। প্রথমার্ধের খেলা শেষ হতেই স্টেডিয়ামের সবুজ মাঠ রূপ নেবে সংগীতের মঞ্চে। মাত্র ১১ মিনিটের এই সংক্ষিপ্ত আয়োজনে ইতিহাস গড়বেন বিশ্বসেরা তারকারা। একমঞ্চে পারফর্ম করবেন পপ কুইন ম্যাডোনা, লাতিন সেনসেশন শাকিরা এবং কানাডিয়ান পপ আইকন জাস্টিন বিবার। তাদের সঙ্গে আরও থাকছে বিশ্ব কাঁপানো কোরিয়ান ব্যান্ড বিটিএস। সুরের এই মহোৎসবে যোগ দিচ্ছেন আফ্রোবিট শিল্পী বার্না বয় ও বিখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল। পুরো আয়োজনের পেছনে রয়েছেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে-এর ক্রিস মার্টিন। চার বছরের নিরলস প্রচেষ্টায় তিনি এই ঐতিহাসিক লাইনআপ তৈরি করেছেন।

বিশ্বকাপের এই জমকালো আয়োজনের পেছনে রয়েছে এক মহৎ উদ্দেশ্য। ফিফা ও ‘গ্লোবাল সিটিজেন’-এর যৌথ উদ্যোগে এই শো থেকে তহবিল সংগ্রহ করা হবে। লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য ১০ কোটি ডলার সংগ্রহ করা। ইতিমধ্যে টিকিটের টাকা ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনুদানে ৫ কোটি ডলার উঠে এসেছে। এই অর্থ বিশ্বের ২৭ কোটি শিশুর পড়াশোনা ও খেলার পেছনে খরচ করা হবে। ফুটবল মাঠের এই লড়াই থেকে তাই সারা বিশ্বে ছড়িয়ে যাবে মানবতার এক সুন্দর বার্তা।

এই ঐতিহাসিক আয়োজন নিয়ে উচ্ছ্বসিত পপ তারকা জাস্টিন বিবার। তিনি জানান, ফুটবল বিশ্বকাপ পুরো বিশ্বকে এক সুতোয় বেঁধে দেয়। লাইভ এইডের পর এটিই হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় মানবিক মহাসমাবেশ। এদিকে শাকিরার পরিবেশনা নিয়ে দর্শকদের মাঝে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে টুর্নামেন্টের জনপ্রিয় গান ‘দাই দাই’ দিয়ে তিনি ও বার্না বয় ফাইনালের মঞ্চ মাতাবেন। প্রায় ১০০ কোটিরও বেশি মানুষ এই ফাইনাল উপভোগ করবেন। মাঠের রোমাঞ্চ আর মঞ্চের সুর, সব মিলিয়ে এই রাত হতে যাচ্ছে শতাব্দীর অন্যতম সেরা ও স্মরণীয় এক রাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত