প্রথম মেসেজেই ছবি চান নিক!

বলিউড ও হলিউডের অন্যতম আলোচিত জুটি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। আজ ১৮ জুলাই প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন। বিশেষ এই দিনে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। জন্মদিনের এই আবহের মাঝেই সম্প্রতি ‘হে জোনাস’ পডকাস্টে হাজির হয়ে নিজেদের প্রেম শুরুর দিনগুলোর এক মজার তথ্য ফাঁস করেছেন এই তারকা দম্পতি। প্রিয়াঙ্কা জানান, প্রথমবার যখন তাদের মধ্যে মেসেজ আদান-প্রদান শুরু হয়, তখন নিক নিশ্চিত হতে পারছিলেন না যে, ওপাশ থেকে আসলেই প্রিয়াঙ্কা কথা বলছেন কিনা!

প্রিয়াঙ্কার কথায়, ‘নিক নিশ্চিত হতে চাচ্ছিল যে ওটা সত্যিই আমি কিনা। তাই সে তাৎক্ষণিকভাবে ক্যামেরার দিকে তাকিয়ে, টাইম স্ট্যাম্পসহ একটি ছবি পাঠাতে বলে। বিষয়টি কিছুটা অদ্ভুত লাগলেও আমার ভালো লেগেছিল।’

নিকের ভাই জো জোনাস পডকাস্টে তাদের প্রথম দিককার সেই মেসেজগুলো পড়ে শোনান। ‘কোয়ান্টিকো’ সিরিজের একটি বিলবোর্ডে প্রিয়াঙ্কাকে দেখে মুগ্ধ হয়ে নিক টুইটারে মেসেজ পাঠিয়েছিলেন, ‘অনেকের কাছেই শুনলাম আমাদের দেখা করা উচিত। আমিও একমত। তুমি কি শিগগিরই লস অ্যাঞ্জেলেসে আসছ?’ জবাবে প্রিয়াঙ্কা নিজের ফোন নম্বর দিয়ে টেক্সট করতে বলেন।

এর প্রায় দেড় বছর পর তারা ডেটিং শুরু করেন এবং ২০১৮ সালের ডিসেম্বরে রাজকীয় আয়োজনে বিয়ে করেন। বর্তমানে এই দম্পতির মালতি মেরি নামের একটি কন্যাসন্তান রয়েছে।