পাঁচ প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা ও সম্মাননা পাওয়ার পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত সিনেমা ‘মাস্তুল’। গতকাল শুক্রবার থেকে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের ৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নদী ও বন্দরকেন্দ্রিক প্রান্তিক মানুষের জীবনের এই আখ্যান।

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরে ‘স্পেশাল মেনশন’ স্বীকৃতি অর্জনকারী ‘মাস্তুল’ ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। সিনেমার মুক্তি প্রসঙ্গে নির্মাতা জানান, প্রথম ধাপে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা ও নারায়ণগঞ্জের শাখায় প্রতিদিন দুটি করে শো প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি যমুনা ব্লকবাস্টার, লায়ন্স সিনেমা এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপেও উপভোগ করা যাচ্ছে সিনেমাটি।

সম্প্রতি ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে এক বিশেষ প্রদর্শনীতে বরেণ্য চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, শাহীন দিল রিয়াজ ও হুমায়রা বিলকিসসহ দেশের সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা এই চলচ্চিত্রের নির্মাণশৈলী ও বিষয়বস্তুর ভূয়সী প্রশংসা করেছেন। তেলের ট্যাংকারের বৃদ্ধ পাচক মকবুল এবং বন্দর এলাকার পথশিশু নূরা, এই দুই চরিত্রের মানবিক টানাপড়েন, একাকিত্ব ও টিকে থাকার লড়াই আবর্তিত হয়েছে সিনেমার গল্পজুড়ে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু; পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল ও আরিফ হাসান।

‘সিনেমাকার’ প্রযোজিত এই চলচ্চিত্রটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারণায় রয়েছে টঙঘর টকিজ। আইস্ক্রিন ও চ্যানেল আই থাকছে সিনেমাটির ওটিটি ও টেলিভিশন পার্টনার হিসেবে।