বান্দরবানে প্রতিমন্ত্রী হেলাল

বন্যাদুর্গতদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার

পার্বত্য চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরে জেলা শহরের বিভিন্ন এলাকা এবং রোয়াংছড়ি উপজেলার দুর্গম বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। তিনি আরও বলেন, ‘কোনো এলাকায় কী জন্য এই জলোচ্ছ্বাসটা বা এই ফ্লাডিংটা হচ্ছে তা আমরা বের করার চেষ্টা করছি। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে নদীর পাড় ভেঙে যাচ্ছে। ওখানে ড্যামের ব্যবস্থা করা হচ্ছে, মেরিন ড্রাইভ করার ব্যবস্থা করা হচ্ছে। যেখানে কালভার্ট দরকার, কালভার্টের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ এ সময় স্থানীয় সংসদ সদস্য সাচিংপ্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার, জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।