ঢাবিতে শিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৭:৪৭ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজন করেছে ‘লীগ ধর’ ম্যারাথন-২০২৬। একই সঙ্গে জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে তিন দিনব্যাপী বিশেষ চিত্রপ্রদর্শনী ‘রক্তাক্ষরে জুলাই’-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ম্যারাথনটি অনুষ্ঠিত হয়। পরে সকাল ৮টায় ‘রক্তাক্ষরে জুলাই’ চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতারা জানান, ২০২৪ সালের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে ছাত্রলীগকে বিতাড়িত করার ঘটনাকে স্মরণ এবং জুলাই আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। কার্জন হল থেকে শুরু হওয়া ম্যারাথনটি কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি, তোরণ, হাজী মুহম্মদ মহসিন হল ও মাস্টারদা সূর্যসেন হল প্রদক্ষিণ করে কলাভবনে গিয়ে শেষ হয়।

পরে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় তিন দিনব্যাপী ‘রক্তাক্ষরে জুলাই’ চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। প্রদর্শনীটি ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে। এ ছাড়া প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও স্মৃতিচারণমূলক পর্ব অনুষ্ঠিত হবে।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ১৭ জুলাই ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ‘নয়া আজাদির’ সূচনা করেছিল, যার চূড়ান্ত পরিণতি ঘটে ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের মাধ্যমে। জুলাইয়ের শহীদদের বিচার নিশ্চিত করতে এবং তাদের আকাক্সক্ষার বাংলাদেশ গড়তে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত