দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ জন রোগী। এর আগের দিন বৃহস্পতিবার দুজনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ৩০৬ জন। এই নিয়ে চলতি মাসের ১৭ দিনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৬৬৬ জনে। আর মৃত্যু হয়েছে ১৪ জনের। এছাড়া গত মাসে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯০৭ জন এবং মৃত্যু হয়েছিল ১৩ জনের।
গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে বিভিন্ন হাসপাতালে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৫ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় ৯৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৭ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৭৭০ জন। এর মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী। আর এ বছর ডেঙ্গুতে ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর আগের বছর ২০২৫ সালের মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়।