শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাপ্পি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মতিঝিল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সূত্র জানায়, তানিম রেজা বাপ্পি দীর্ঘদিন ধরে সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। বাপ্পিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, মতিঝিল থানা পুলিশ ও ডিবির অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বাপ্পির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।