রাজধানীর ডেমরা পুলিশ লাইন্স ভবন থেকে সাইদুল ইসলাম (২১) নামে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাইদুল ওই পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে।
সাইদুল ইসলামের চাচা মো. সোহাগ জানান, ৯ মাস আগে পুলিশ কনস্টেবলের চাকরি পান সাইদুল। জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে তিনি হতাশায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের সপ্তম তলায় নিজরুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় বিছানার চাদর পেঁচিয়ে ফাঁস নেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেমরা থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাইদুল অবিবাহিত ছিলেন। এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কে ঝামেলা হয়েছে। এতে তিনি হতাশায় ভুগছিলেন। এ কারণে আত্মহত্যা করে থাকতে পারেন।