২৪ ঘণ্টায় ১০১৩ শিশু হামে আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৭৩ এবং হাম শনাক্ত হয়েছে ১৪০ জনের। সব মিলিয়ে হামজনিত নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ১৩ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৭৮০ শিশু। এর মধ্যে হামে ৯৫ এবং উপসর্গে ৬৮৫ শিশুর মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৩০ হাজার ২৫৫ শিশু।  গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ লাখ ১৬ হাজার ১১ শিশু। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১৪ হাজার ২৪৪ শিশু। হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮ হাজার ৬০০ শিশু। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৫ হাজার ৩১ শিশু। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া এক শিশু ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। আর একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৬২ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৬৫ শিশুর।